GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / দেশের যেখানেই অসংগতি, সেখানেই কথা বলব’:শফিকুর রহমান

দেশের যেখানেই অসংগতি, সেখানেই কথা বলব’:শফিকুর রহমান

দীর্ঘদিন ধরে বগুড়া অবহেলিত ও বঞ্চিত বলে মন্তব্য করে শহরটির ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দেশের যেখানেই অসংগতি দেখা যাবে, সেখানেই কথা বলার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ যখন তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে কষ্ট পাচ্ছে, তখন বিরোধী দলের পক্ষ থেকে সংকট সমাধানে টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে একটি টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি।

সংসদের ভেতরে বারবার বিষয়টি তুলে ধরেও সমাধান না হওয়ায় তারা রাজপথে নেমেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের বিপ্লবের পর জনগণ দেশের আমূল সংস্কার চেয়েছিল। সংস্কারের লক্ষ্যে গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে রায় দিলেও সরকার ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছে এবং গণভোটের রায় বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি।

স্বাধীনতার পর বাংলাদেশ ৫৫ বছর অতিক্রম করেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, একটি জাতির জন্য এ সময় কম নয়। একই সময়ে মালয়েশিয়া বিশ্বে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। সঠিক পরিকল্পনা, সংস্কার ও কার্যকর উদ্যোগের মাধ্যমে বাংলাদেশও এগিয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বগুড়ার ন্যায্য দাবি করা হবে। বগুড়াকে আর অবহেলিত ও বঞ্চিত করে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের জ্বালানি সংকটের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, জ্বালানি সংকটের কারণে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে মানুষ কর্মহীন হচ্ছে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সংকটের দ্রুত সমাধান প্রয়োজন বলেও জানান তিনি।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুতের তার নিয়ে মন্ত্রীর অবান্তর কথাবার্তা দিয়ে দেশের বিদ্যুৎ সংকটের সমাধান হবে না। বাস্তবসম্মত উদ্যোগ নিয়ে জনগণের দুর্ভোগ কমানোর আহ্বান জানান তিনি।

Social Icons