GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / স্বাস্থ্য / ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে গণসচেতনতা তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানেও সক্রিয়ভাবে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে। তবে স্বাস্থ্যসেবার উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবো বলেন, রূপগঞ্জে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। অথচ উপজেলায় মাত্র একটি সরকারি হাসপাতাল রয়েছে। ফলে ৫০ শয্যার হাসপাতাল দিয়ে এত বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন।

তিনি বলেন, হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগকে আরও বাড়িয়ে ২৫১ শয্যায় রূপান্তর করা প্রয়োজন

ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৩টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ দেন।

ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত নারী আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকনসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহাবুবুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Social Icons