GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / আমার মনে হচ্ছে বিদ্যুৎ সংকট কৃত্রিম ও ষড়যন্ত্রমূলক: রিজভী

আমার মনে হচ্ছে বিদ্যুৎ সংকট কৃত্রিম ও ষড়যন্ত্রমূলক: রিজভী

দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটির ঘটনায় স্যাবোটাজ বা পরিকল্পিতভাবে সংকট তৈরি করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মহেশখালীর এফএসআরইউতে কারিগরি ত্রুটির পর আদানি পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট নষ্ট হওয়ার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এসব ঘটনায় মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, এর পেছনে কোনো রহস্য বা স্যাবোটাজ রয়েছে কি না।

তিনি বলেন, সরকার যেসব বিদ্যুৎকেন্দ্রকে টাকা দেয়, সেগুলোর পাওনা কিস্তি অনুযায়ী পরিশোধ করছে। ভারতের সঙ্গে বিদ্যুৎসংক্রান্ত চুক্তির পাওনাও সরকার পরিশোধ করছে। এরপরও কেন একের পর এক কারিগরি ত্রুটি হচ্ছে, সে প্রশ্ন তোলেন তিনি।

রিজভী বলেন, ‘সংকটটি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে এবং কোথাও কোনো ষড়যন্ত্র হচ্ছে বলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে।’ তবে তিনি বলেন, বাস্তবতা ও বর্তমান ঘটনাগুলো দেখেই তার মনে এমন প্রশ্ন তৈরি হয়েছে।

গ্যাস সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে আগের মতো জাহাজ আসতে না পারায় এর প্রভাব পড়ছে। পাশাপাশি মহেশখালীর রিগ্যাসিফিকেশন ব্যবস্থাতেও ত্রুটি হয়েছে। তবে সরকার সংকট নিরসনে কাজ করছে এবং কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রংপুরে একটি হিন্দু পরিবারের চারজন নিহত হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, সরকার দ্রুতগতিতে কাজ করছে। একই সঙ্গে ২০০১-২০০৬ সালেও এমন ঘটনা দেখেছেন বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গে রিজভী বলেন, সরকার মানুষের উপকারের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ড দিচ্ছে।

ফারাক্কা বাঁধের প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত হওয়ার উপক্রম হয়েছে এবং মাটির নিচেও বিপর্যয় তৈরি হয়েছে। এ কারণে বর্তমান সরকার আবারও খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে। পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ছয় মাসে এক হাজার কিলোমিটার খাল খনন করা হয়েছে বলে তিনি জানান।

এসব কর্মসূচি বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, দলটির বিচার না হলে তাদের ফিরে আসার সম্ভাবনা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। তিনি ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, সমালোচনা থাকবে, তবে তা যেন বাকস্বাধীনতার সীমা অতিক্রম না করে। একই সঙ্গে বিরোধী দলকে সংসদে ও সংসদের বাইরে দায়িত্বশীলভাবে কথা বলার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, তারা সরকারের ভুলত্রুটি বন্ধুর মতো তুলে ধরবেন। তার মতে, বর্তমান বিরোধী দল দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না।

সভায় ১২ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

Social Icons