হঠাৎ পুরোনো কোনো বন্ধুর কথা মনে পড়লে ফেসবুকে তার নাম লিখে সার্চ করা কিংবা প্রোফাইলে ঢুঁ মারা খুবই স্বাভাবিক। কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে, যাকে খুঁজেছেন তিনি কি জানতে পারবেন?
স্বস্তির বিষয় হলো, শুধু কারও নাম ফেসবুকে সার্চ করলে কিংবা তার প্রোফাইলে প্রবেশ করলে ওই ব্যক্তি জানতে পারবেন না। ফেসবুকের হেল্প সেন্টার অনুযায়ী, কেউ আপনার নাম সার্চ করলে তাকে কোনো নোটিফিকেশন দেওয়া হয় না। একইভাবে, কে আপনার প্রোফাইল দেখেছে, তার কোনো তালিকাও ফেসবুক দেয় না।
শুধু নাম লিখে সার্চ করলে?
না। ফেসবুকে কারও নাম লিখে সার্চ করলেই ওই ব্যক্তির কাছে কোনো নোটিফিকেশন যায় না। সার্চের ফলাফল থেকে তার প্রোফাইলে প্রবেশ করলেও তিনি জানতে পারবেন না যে আপনি তাকে খুঁজেছেন।
প্রোফাইল দেখলে কি ধরা পড়ে?
শুধু কারও প্রোফাইলে ঢুকে তার ছবি, পোস্ট বা অন্যান্য তথ্য দেখলেও ওই ব্যক্তি জানতে পারবেন না যে আপনি তার প্রোফাইল দেখেছেন। ফেসবুকে এমন কোনো সাধারণ সুবিধা নেই, যার মাধ্যমে ব্যবহারকারী জানতে পারেন কে তার প্রোফাইল দেখেছেন।
কখন আপনার উপস্থিতি বোঝা যেতে পারে?
আপনি যদি তার কোনো পোস্টে লাইক বা মন্তব্য করেন, তখন বিষয়টি আর গোপন থাকবে না। আপনার প্রতিক্রিয়া পোস্টে দেখা যেতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছে নোটিফিকেশনও যেতে পারে।
একইভাবে, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও আপনার পরিচয় তার কাছে স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ, শুধু প্রোফাইল দেখা এবং সেখানে দৃশ্যমান কোনো কার্যক্রম করা এক বিষয় নয়।
স্টোরি দেখলে সাবধান
এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য। কারও ফেসবুক স্টোরি দেখলে আপনার নাম দর্শকের তালিকায় দেখা যেতে পারে। ফেসবুকের হেল্প সেন্টারেও স্টোরির ‘Viewers’ তালিকার কথা বলা হয়েছে।
তাই কারও প্রোফাইল চুপচাপ দেখে আসা আর তার স্টোরি দেখা এক বিষয় নয়।
‘কে আমার প্রোফাইল দেখেছে’ জানা যায়?
ফেসবুকে সাধারণভাবে এমন কোনো সুবিধা নেই, যার মাধ্যমে জানা যায় ঠিক কারা আপনার প্রোফাইলে ঢুকেছেন। একইভাবে, অন্য ব্যক্তিও জানতে পারবেন না যে আপনি তার প্রোফাইল দেখেছেন।
‘প্রোফাইল দেখেছে’ জানাবে এমন অ্যাপ থেকে সাবধান
অনেক তৃতীয়পক্ষের অ্যাপ ও ওয়েবসাইট দাবি করে, তারা বলে দিতে পারে কে আপনার ফেসবুক প্রোফাইল দেখেছে। এসব দাবি বিশ্বাস করার কারণ নেই।
ফেসবুক স্পষ্টভাবে জানিয়েছে, তৃতীয় পক্ষের অ্যাপও এই সুবিধা দিতে পারে না। তাই এমন কোনো অ্যাপ বা ওয়েবসাইটে ফেসবুকের লগইন তথ্য দেওয়া থেকে বিরত থাকা উচিত।
