GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / মন্ত্রীর সামনেই তর্কাতর্কিতে জড়ালেন পঞ্চগড় বিএনপির নেতারা

মন্ত্রীর সামনেই তর্কাতর্কিতে জড়ালেন পঞ্চগড় বিএনপির নেতারা

পঞ্চগড়ে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের সামনে তর্কে জড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ব্যাপক হট্টগোল শুরু হলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান মন্ত্রী।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বক্তব্য দেওয়ার সময় হট্টগোল ও তর্কাতর্কির সূত্রপাত হয়।

তিনি বলেন, ‘দল বর্তমানে হাইব্রিড নেতা দিয়ে ভরে গেছে। আগে দলকে হাইব্রিড মুক্ত করতে হবে।’ জেলা পরিষদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করার কথাও বলেন তিনি।

আসাদুল্লাহ আসাদ আরও বলেন, ‘দলের দুর্দিনে যখন পার্টি অফিসে তালাবদ্ধ ছিল তখন আমি বোদা থেকে এসে পার্টি অফিসের তালা খুলেছিলাম।’ এ সময় তিনি সদর উপজেলার বিএনপির সাবেক সভাপতি আনোয়ার ভাইয়ের প্রসঙ্গও উল্লেখ করেন।

তার বক্তব্যকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হট্টগোল শুরু হয়। এ সময় কয়েকজন তর্কে জড়িয়ে পড়েন। প্রায় পাঁচ মিনিট ধরে হট্টগোল চলে।

পরে বিএনপির নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটা অনুষ্ঠানে রয়েছি। আপনার সাথে পরে কথা হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ‘কীসের গন্ডগোল হইছে, গন্ডগোল হয়নি তো। মজিদকে জেলা পরিষদের প্রশাসক করছে এ নিয়ে ছেলেরা বক্তব্য রাখছে। এ নিয়ে একটু বাদ বিবাদ হইছে এই আরকি।’

Social Icons