তারকাদের জীবনযাত্রা, স্মৃতিকথা ও সাফল্যের অনাবিষ্কৃত গল্প নিয়ে এবার এক ভিন্নধর্মী আড্ডার আয়োজন নিয়ে হাজির হয়েছে ক্রিয়েটিভ এজেন্সি ‘আইডিয়া স্পেস’।
জনপ্রিয় চিত্রনায়িকা ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলার সাবলীল সঞ্চালনায় শিগগিরই পর্দায় আসছে দেশের প্রথম সারির সেলিব্রিটিদের নিয়ে সাজানো কার-কাস্ট ভিত্তিক নতুন শো ‘লং ড্রাইভ’।
ব্যতিক্রমী এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ ও কেয়া পায়েলসহ ঢাকাই মিডিয়া ও বিনোদন জগতের জনপ্রিয় তারকা মুখেরা।
শোটির মূল ভাবনা ও সৃজনশীল পরিচালনায় রয়েছেন প্রখ্যাত নির্মাতা সঞ্জয় সমদ্দার এবং এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ইশতি আহমেদ।
শো সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে সঞ্জয় সমদ্দার জানান, ‘লং ড্রাইভ’ স্রেফ প্রচলিত কোনো সেলিব্রিটি টকশো নয়, বরং এটি তারকাদের জীবনের এক রোমাঞ্চকর জার্নির গল্প; যেখানে চলন্ত গাড়িতে খোলামেলা আড্ডায় তাদের উঠে আসার গল্প, প্রথম গাড়ি কেনার আবেগঘন স্মৃতি এবং গাড়ির ভেতরের নানা অজানা মুহূর্ত ফুটে উঠবে।
তিনি আরও জানান, কেবল বিনোদন নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই আয়োজনে মানবিক প্রয়াসও যুক্ত করা হয়েছে; যেখানে নির্দিষ্ট কিছু পর্বে তারকাদের উপস্থিতিতে সুবিধাবঞ্চিত শিশু ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
‘আয়নাবাজি’ খ্যাত জনপ্রিয় তারকা নাবিলাকে উপস্থাপক হিসেবে পাওয়া প্রসঙ্গে প্রযোজক ইশতি আহমেদ জানান, তারকাদের ব্যক্তিগত জীবনের গল্প ও ড্রাইভের আনন্দকে এক সুতোয় গেঁথে বিনোদনের পাশাপাশি সমাজকে ইতিবাচক বার্তা দেওয়াই তাদের মূল লক্ষ্য।
তারকাদের এই নতুন আড্ডার আয়োজনটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ‘কনটেন্ট স্পেস’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পাশাপাশি স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’ (Doel OTT)-তে সম্প্রচারিত হবে।
