GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / পলাতক সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

পলাতক সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার আত্মসমর্পণের নির্দেশ জানিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে এর আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে তিনি এখনো ট্রাইব্যুনালে হাজির হননি। এ কারণে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে তাকে আদালতে হাজির হওয়ার বা আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধনঞ্জয় কুমার দাস একসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, জুলাই-আগস্টের আন্দোলন দমনের সময় তৎকালীন সরকারের ‘কোর কমিটি’র বৈঠকে অংশ নিয়ে মাঠপর্যায়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে নির্দেশনা দেওয়া ও তা তদারকিতে ভূমিকা রেখেছিলেন তিনি।

একই মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রপক্ষ গত ২৭ আগস্ট ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। এর আগে ১৪ জুলাই প্রসিকিউশন জানিয়েছিল, তাদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় সংঘটিত অপরাধের ক্ষেত্রে দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায়ের অভিযোগ রয়েছে। আন্দোলন দমনের সময় হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশনা এবং অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে তাদের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

এখন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত নিয়মে ধনঞ্জয় কুমার দাসকে ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে। তিনি হাজির না হলে তার অনুপস্থিতিতেই মামলার পরবর্তী আইনগত কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ থাকবে।

Social Icons