GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / সিসিটিভিতে ধরা পড়ল যেভাবে প্রিজন ভ্যান থেকে পালালেন পিচ্চি রাজা

সিসিটিভিতে ধরা পড়ল যেভাবে প্রিজন ভ্যান থেকে পালালেন পিচ্চি রাজা

রাজধানীর তাঁতীবাজারে প্রিজন ভ্যান থেকে আলোচিত মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজার বেরিয়ে যাওয়ার ঘটনা সিসিটিভি ফুটেজে আরও স্পষ্ট হয়েছে। পুলিশের তদন্তে জানা গেছে, ভ্যান থেকে নামার পর তিনি একটি প্রাইভেট কারে উঠে চলে যান।

মঙ্গলবার (৬ অক্টোবর) পাওয়া একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পিচ্চি রাজার পালানোর বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। ফুটেজে দেখা যায়, একটি প্রিজন ভ্যানের পেছনের দরজা খুলে তিন ব্যক্তি সড়কে নামছেন। তাদের একজন পিচ্চি রাজা। অন্যজন আসামি খাইরুল বাশার। তৃতীয় ব্যক্তি ছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস।

ভ্যান থেকে যেভাবে নামেন

গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজিরা শেষে ৩০ আসামিকে নিয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে যাচ্ছিল প্রিজন ভ্যানটি। তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে যানজটে ভ্যানটির গতি কমে যায়।

পুলিশের তদন্ত অনুযায়ী, ওই সময় ভ্যানটির দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার বিশ্বাস চালকের কাছ থেকে চাবি নিয়ে পেছনের দরজা খুলে দেন। পরে তিনি ভেতরে গিয়ে পিচ্চি রাজা ও খাইরুল বাশারকে বাইরে নিয়ে আসেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পিচ্চি রাজার সঙ্গে খাইরুল বাশারও ভ্যান থেকে নেমে হাঁটতে শুরু করেন। কিছু দূর যাওয়ার পর খাইরুল আবার ভ্যানে ফিরে যান। পরে তাকে চালকের পাশের আসনে বসতে দেখা যায়।

তবে পিচ্চি রাজা আর ভ্যানে ফেরেননি। তিনি সামনের দিকে হাঁটতে থাকেন। তার পেছনে ছিলেন এসআই প্রবীর কুমার বিশ্বাস।

প্রাইভেট কারে ওঠেন পিচ্চি রাজা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার জানিয়েছেন, প্রিজন ভ্যান থেকে বের হওয়ার পর পিচ্চি রাজা ও এসআই প্রবীর কুমার বিশ্বাস একটি প্রাইভেট কারে ওঠেন। ওই মুহূর্তের দৃশ্য সিসিটিভিতে ধরা না পড়লেও তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে পিচ্চি রাজা ও এসআই প্রবীরকে ছাড়াই প্রিজন ভ্যানটি তাঁতীবাজার এলাকা থেকে চলে যায়। অর্থাৎ ভ্যান থেকে বের হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই পিচ্চি রাজা পুলিশের হেফাজত থেকে বেরিয়ে যান।

পালানোর পরিকল্পনা আগে থেকেই

পুলিশের তদন্তে পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তার পরিকল্পনা ঘটনার দুই দিন আগে করা হয়েছিল বলে উঠে এসেছে। এতে প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

তদন্তে আরও জানা যায়, তাঁতীবাজারে পিচ্চি রাজাকে ভ্যান থেকে নামিয়ে একটি অপেক্ষমাণ প্রাইভেট কারে তুলে দেওয়া হয়। পরে ঘটনাটি আড়াল করতে অন্য একটি ঘটনা সামনে আনা হয়।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, গাজীপুরের বাইমাইল এলাকায় শৌচকর্মের কথা বলে প্রিজন ভ্যান থেকে নেমে পিচ্চি রাজা পালিয়ে যান। তবে পরবর্তী তদন্তে ওই বক্তব্যের সঙ্গে বাস্তব ঘটনার মিল পাওয়া যায়নি।

তিনজন গ্রেফতার, পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

পিচ্চি রাজার পালানোর ঘটনায় এসআই প্রবীর কুমার বিশ্বাস, প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং তার বোন তাসলিমাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঘটনার সঙ্গে দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।

জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার জানিয়েছেন, ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে প্রাইভেট কারের চালক এবং পিচ্চি রাজার এক ঘনিষ্ঠ আত্মীয়ও রয়েছেন বলে জানা গেছে।

কোথায় আছেন পিচ্চি রাজা?

তদন্তকারীরা এখনো নিশ্চিত করতে পারেননি, প্রিজন ভ্যান থেকে বের হওয়ার পর পিচ্চি রাজাকে বহনকারী প্রাইভেট কারটি কোথায় গেছে। তার বর্তমান অবস্থান সম্পর্কেও পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

তবে তাকে গ্রেফতারে দেশের বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে তার সহযোগীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে গত ১৯ মে সন্ধ্যায় নেপাল থেকে দেশে ফেরার সময় স্ত্রী ও শ্যালকসহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়ার পর তিনি কারাগারে ছিলেন।

Social Icons