আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর লিওনেল মেসিকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক দাবিতে বলা হচ্ছে, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে পারেন বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা।
কানাডীয় শিক্ষাবিদ ও ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ আমেরিকান রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির (স্নিকো) এক সাক্ষাৎকারে এমন দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, মেসি ভবিষ্যতে পেশাদার রাজনীতিতে যুক্ত হয়ে একসময় আর্জেন্টিনার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হতে পারেন।
তবে মেসির রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
জিয়াং আরও দাবি করেছেন, মেসি প্রেসিডেন্ট হলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারেন। এমনকি প্রায় দুই দশক ক্ষমতায় থাকার সম্ভাবনার কথাও তিনি বলেছেন। তবে আর্জেন্টিনার সংবিধানের ৯০ অনুচ্ছেদ অনুযায়ী, একজন প্রেসিডেন্ট পরপর সর্বোচ্চ দুই মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। ফলে টানা ২০ বছর প্রেসিডেন্ট থাকার দাবি সাংবিধানিক সীমাবদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জিয়াং নিজেকে ভূরাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচয় দেন এবং ‘গেম থিওরি’ ও বিভিন্ন বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে রাজনৈতিক ঘটনাবলি বিশ্লেষণের দাবি করেন। তবে তার পেশাগত পরিচয় এবং পূর্বাভাসের বৈজ্ঞানিক ভিত্তি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অর্থাৎ, মেসি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হবেন, এটি বর্তমানে কোনো নিশ্চিত খবর নয়। এটি একজন ভবিষ্যদ্বক্তার করা একটি দাবি মাত্র।








