আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিএনপির নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পূজা ঘিরে মানুষের মধ্যে যেন কোনো ধরনের আতঙ্ক তৈরি না হয়, সে জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার কথাও জানান তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে সাভারের নামাবাজার এলাকার পঞ্চবটি আশ্রমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার পৌর এলাকার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতাদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মানুষের মধ্যে নানা ধরনের আশঙ্কা থাকতে পারে। তবে এসব আশঙ্কা যেন বাস্তবে রূপ না নেয়, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীরা সজাগ রয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, পূজা উদযাপনের সময় মানুষের মধ্যে যাতে আতঙ্ক না থাকে, সে জন্য বিএনপির নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তারা সতর্ক অবস্থানে থাকবেন।
শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মো. আশরাফ উদ্দিন খান, শহীদ মজনু ফাউন্ডেশনের মহাসচিব নাজমুল হাসান অভি এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ অন্যরা।
সভা শেষে বিভিন্ন পূজামণ্ডপের নেতাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বী মানুষ এবং সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









