GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / বিএনপি / গোপালগঞ্জে পথসভা করে নৈতিকতার পরীক্ষা দিতে জামায়াতকে রাশেদ খানের আহ্বান

গোপালগঞ্জে পথসভা করে নৈতিকতার পরীক্ষা দিতে জামায়াতকে রাশেদ খানের আহ্বান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জামায়াতে ইসলামীকে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের ভয়ে দলটি সেখানে পথসভা করবে না, এমন অবস্থান গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে গোপালগঞ্জে পথসভা করে নিজেদের নৈতিকতার প্রমাণ দেওয়ার জন্য জামায়াত নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন রাশেদ খান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ঢাকা থেকে লংমার্চ নিয়ে জামায়াত গোপালগঞ্জ হয়ে খুলনায় যাবে। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে দলটির। তবে এই যাত্রাপথে গোপালগঞ্জে কোনো পথসভা করবে না জামায়াত। আওয়ামী লীগের ভয়ে সেখানে কর্মসূচি এড়িয়ে যাওয়া গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভারতের সঙ্গে রাজনৈতিক যোগাযোগের অভিযোগও তোলেন রাশেদ খান। তাঁর দাবি, ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই দলটি ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। জামায়াতের শীর্ষ নেতারা ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলেও অভিযোগ করেন তিনি।

রাশেদ খানের ভাষ্য, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার স্বার্থে ভারতকে তোষণ করত। এখন জামায়াতও একই ধরনের কৌশল অনুসরণ করছে। দলটির নেতারা প্রকাশ্যে ভারতের বিরোধিতা করলেও গোপনে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করছেন বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতের নেতাদের উদ্দেশে রাশেদ খান বলেন, তাঁরা যদি এমন কোনো বৈঠক না হওয়ার দাবি করেন, তাহলে তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডকে আধিপত্যবিরোধী রাজনীতি বলা যায় না।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি দাবি করেন, ওই নির্বাচনের মধ্য দিয়ে জামায়াতের রাজনৈতিক প্রচারণা সম্পর্কে মানুষের সচেতনতার বিষয়টি সামনে এসেছে। তাঁর মতে, দলটির জান্নাতের টিকিটসংক্রান্ত প্রচারণা নিয়ে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে এবং স্থানীয় মানুষ তাদের প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Social Icons