বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেছেন, কয়েকজনের ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ। অন্যদিকে, মরদেহ উদ্ধারের স্থান থেকে কাছাকাছি এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই সূত্রে এসব তথ্য জানা গেছে।
জিজ্ঞাসাবাদে দ্বীপ পিবিআইকে জানান, ঘটনার দিন তাঁরা দুজন ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। তখন প্রাণ বাঁচাতে তাহসিফ নদে ঝাঁপ দেন। অন্যদিকে, দ্বীপ সেখান থেকে পালিয়ে যান বলে তাঁর দাবি।
এদিকে, তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানটির কাছাকাছি এলাকা থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মোটরসাইকেলটি নিহত তাহসিফ সাউরির কি না, তা খতিয়ে দেখছে পিবিআই। এ বিষয়ে তদন্ত চলছে।
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দ্বীপের দেওয়া বক্তব্যের পাশাপাশি উদ্ধার হওয়া মোটরসাইকেলটির পরিচয়ও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পিবিআই এসব তথ্য যাচাই করছে।









