GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / Uncategorized / যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতাকর্মীরা

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতাকর্মীরা

ভারতের দিল্লিতে বিক্ষোভস্থলের তালিকা থেকে যন্তর মন্তরকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সেখানে বিক্ষোভ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে ভেতরে প্রবেশ করে স্লোগান দেন তাঁরা। পরে তাঁদের আটক করে দিল্লি পুলিশ।

দলের নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাসের নেতৃত্বে একদল কর্মী এ বিক্ষোভে অংশ নেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ঘটনার দৃশ্য তুলে ধরেন।

ভিডিওতে দেখা যায়, দলের পতাকা হাতে কয়েকজন কর্মী গেট টপকে যন্তর মন্তরে প্রবেশ করছেন। এ সময় তাঁরা ‘ভারত মাতা কি জয়’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। পুলিশ তাঁদের বাধা দিলে কিছুক্ষণের জন্য ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়। পরে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায় পুলিশ।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজিৎ দীপক লেখেন, ‘আপনারা প্রতিরোধকে নিষিদ্ধ করতে পারবেন না।’ যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদেই তিনি এ মন্তব্য করেন।

যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা

দিল্লির কেন্দ্রীয় ও নিরাপত্তাসংবেদনশীল এলাকায় অবস্থিত যন্তর মন্তর দীর্ঘদিন ধরে বিভিন্ন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পর সেখানে আর বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি পালন করা যাবে না।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড।

১০ অক্টোবরও আটক হয়েছিলেন সিজেপির নেতারা

গত ১০ অক্টোবর থেকে যন্তর মন্তরে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। বিক্ষোভকারীদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ওই দিনও যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি।

প্রতিবেদন অনুযায়ী, ১০ অক্টোবর সকালে দিল্লিতে পৌঁছানোর পর দলের শীর্ষ নেতা অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয়।

এদিকে, শনিবার ও রোববার দিল্লির বিভিন্ন সড়কে বিক্ষোভ ও পুলিশের অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি ও দৈনিক যুগান্তর

Social Icons