বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কিনে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। উপযুক্ত সুযোগ ও দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে বিপিএলে যুক্ত হতে চান তিনি। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছেন এই পাকিস্তানি ব্যবসায়ী।
বর্তমানে আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ দল। সেখানে বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের আগ্রহের কথা জানান সামিন রানা।
বিপিএলকে সম্ভাবনাময় টুর্নামেন্ট বললেন সামিন
বাংলাদেশের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা তুলে ধরে সামিন রানা বলেন, বাংলাদেশ তাঁর হৃদয়ের খুব কাছের একটি দেশ। বিপিএল কিংবা বাংলাদেশের ক্রিকেটের অন্য কোনো ক্ষেত্রে যুক্ত হওয়ার সুযোগ খুঁজছেন তিনি।
সামিনের ভাষ্য, সুযোগ তৈরি হলে তিনি বিপিএলের অংশ হতে আগ্রহী। তাঁর মতে, বিপিএল চমৎকার একটি টুর্নামেন্ট। লিগটি কিছু সময় ধরে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেট নিয়ে মানুষের আবেগ বিবেচনায় এই প্রতিযোগিতার আরও ভালো করার সম্ভাবনা রয়েছে।
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনা
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানান সামিন রানা। সেখানে ক্রিকেট পরিচালনা ও বিভিন্ন লিগের অভিজ্ঞতা বিনিময় করেছেন তাঁরা।
সামিন বলেন, তিনি ১১ বছর ধরে পিএসএলের সঙ্গে যুক্ত। দক্ষিণ আফ্রিকার জিএল২০ গ্লোবাল লিগ এবং টি-টেন লিগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া বেশ কিছুদিন ধরে ক্রিকেট কানাডার সঙ্গেও কাজ করছেন তিনি।
বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতায় কাজ করার অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সামিন। তাঁর মতে, দুই পক্ষের জন্য লাভজনক কোনো সুযোগ তৈরি হলে বিপিএলে যুক্ত হতে তিনি আনন্দিত হবেন।
বিপিএলে সুযোগ না পেলেও বিকল্প পরিকল্পনা
বিপিএলে দল কেনার সুযোগ না মিললেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক গড়তে চান সামিন রানা। এ ক্ষেত্রে বিসিবির সঙ্গে বিনিময় কর্মসূচি চালুর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সামিন জানান, সম্প্রতি গায়ানার সঙ্গে একটি চুক্তি করেছে তাঁদের পক্ষ। গায়ানার যুব ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে করা ওই চুক্তির আওতায় সেখানকার খেলোয়াড়দের পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দেশের খেলোয়াড়দের একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করা সম্ভব বলে মনে করেন তিনি।
বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তানে প্রশিক্ষণের সুযোগ
পাকিস্তানের হাই পারফরম্যান্স অবকাঠামো কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরিতে আগ্রহী সামিন।
তিনি জানান, জিম্বাবুয়ের আটজন খেলোয়াড় ছয় সপ্তাহের জন্য ইসলামাবাদ হাই পারফরম্যান্স সেন্টারে ছিলেন। একইভাবে বাংলাদেশ থেকেও খেলোয়াড়েরা পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিতে চাইলে এমন উদ্যোগে সহযোগিতা করতে আগ্রহী তিনি।
সামিনের মতে, দুই দেশের ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হলে উভয় পক্ষই উপকৃত হতে পারে। বিপিএলে যুক্ত হওয়া কিংবা বিসিবির সঙ্গে বিনিময় কর্মসূচি—দুই পথেই বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখার আশা করছেন তিনি।
সূত্র: যুগান্তর স্পোর্টস ডেস্ক।








