দেশে অস্থিরতা তৈরির চেষ্টা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতে শত শত নিরীহ নাগরিককে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, আগামী জাতীয় নির্বাচন, দুর্গাপূজার নিরাপত্তা এবং সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’ তবে তাদের অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে ছড়িয়ে পড়া আলোচনা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারও এ ধরনের কথা শুনছে।
তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ভারতকে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় এসব অনুরোধ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে
আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল।
সালাহউদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ সংশোধনী নিয়ে বিচারপতি এবিএম খায়রুল হকের দেওয়া রায় সর্বোচ্চ আদালত বাতিল করেছেন এবং বিচারিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পথ তৈরি হয়েছে বলে সরকার মনে করছে।
তিনি আরও জানান, আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
দুর্গাপূজায় নিরাপত্তা ও সরকারি বরাদ্দ
এ বছর শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, দীর্ঘ সময় পর সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি আনন্দঘন পরিবেশে উদ্যাপন করতে পেরেছেন।
তিনি বলেন, অতীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতি নষ্টের ঘটনা ঘটেছে। এবার এসব পরিস্থিতি এড়াতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু রাখা হয়েছিল।
মন্ত্রী জানান, অ্যাপ ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে সার্বক্ষণিক নজরদারিও চালানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তার দাবি, এটি এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা।
তিনি আরও বলেন, আগে দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দের পরিমাণ সর্বোচ্চ চার কোটি টাকা ছিল। এ বছর প্রধানমন্ত্রী সেই বরাদ্দ এক কোটি টাকা বাড়িয়েছেন। পাশাপাশি পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করা হয়েছে এবং পূজা উপলক্ষে এক দিনের ছুটি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
পুলিশের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা
গোপালগঞ্জ সদর উপজেলার খেয়াঘাট এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলার চেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন সন্ত্রাসী এ ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে।
তিনি জানান, পুলিশ সদস্যরা আক্রান্ত হলেও ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে
পার্বত্য অঞ্চলের সাজেকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াসহ স্থানীয় নেতারা রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে ব্যবস্থা
একজন অতিরিক্ত ডিআইজির বাসভবনে অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত কর্মকর্তাকে ইতোমধ্যে সংযুক্ত করা হয়েছে।
তিনি জানান, ওই কর্মকর্তার পরিচয় বিবেচনায় না নিয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং অন্যান্য আইনি প্রক্রিয়াও চলমান থাকবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।









