GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / টঙ্গীতে শিক্ষার্থী আহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

টঙ্গীতে শিক্ষার্থী আহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় এক মাদ্রাসাছাত্র আহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা থেকে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কের দুই পাশে অবস্থান নেন।

আহত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল জাবের। ১৭ বছর বয়সী জাবের মাদ্রাসাটির আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রতিবেদন পাঠানোর সময় পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল।

মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কা

শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে মাদ্রাসা ছুটির পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুল্লাহ আল জাবের।

এ সময় ঢাকা থেকে গাজীপুরের দিকে যাওয়া দ্রুতগতির একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ফ্লাইওভার নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীরা জানান, এর আগেও তাঁদের এক সহপাঠী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর গাজীপুর-২ আসনের সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক সপ্তাহের মধ্যে মহাসড়কের ওপর একটি ফ্লাইওভার নির্মাণের আশ্বাস দিয়েছিলেন।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, আশ্বাস দেওয়ার পর দুই মাস পেরিয়ে গেলেও ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়নি। নতুন করে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।

অবরোধ সরানোর চেষ্টা করছে পুলিশ

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মহাসড়ক থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সূত্র: যুগান্তর।

Social Icons