GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / সৌদি আরব ছাড়তে অজরুরি মার্কিন সরকারি কর্মীদের নির্দেশ যুক্তরাষ্ট্রের

সৌদি আরব ছাড়তে অজরুরি মার্কিন সরকারি কর্মীদের নির্দেশ যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে কর্মরত জরুরি দায়িত্বে নেই এমন মার্কিন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর থেকেই এ নির্দেশ কার্যকর হয়েছে। তবে কতজন কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যকে সৌদি আরব ছাড়তে বলা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রেও মার্কিন সরকারি কর্মীদের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে দেশটির বিমানবন্দর ব্যবহার করতে হলে তাঁদের বিশেষ অনুমতি নিতে হবে।

মার্কিন দূতাবাস আরও সতর্ক করেছে, সৌদি আরবে নতুন করে হামলার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির অবনতিতে দেশটির আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে। এ ছাড়া ফ্লাইট বাতিলসহ বিভিন্ন ধরনের ভ্রমণ জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বেড়েছে। হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। এতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেই হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: জিও নিউজ

Social Icons