আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ লক্ষ্য সামনে রেখে সরকার সৌরবিদ্যুৎ খাতকে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
আগামী ৩ থেকে ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। এ আয়োজনের বিস্তারিত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। সে প্রচেষ্টার অংশ হিসেবেই সোলার এক্সপোর আয়োজন করা হচ্ছে।
তিনি জানান, সরকারি উদ্যোগে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর বাসভবনেও গ্রিডের বিদ্যুতের পরিবর্তে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিদ্যুতের জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৌরবিদ্যুতের দিকে এগিয়ে যেতে হবে।
মন্ত্রী আরও বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে। এর মাধ্যমে আগামী গ্রীষ্মে বিদ্যুতের লোডশেডিং কিছুটা হলেও কমানো সম্ভব হবে বলে তিনি আশা করছেন।









