শ্রমিকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে দেশের সামগ্রিক অর্থনীতিও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, শ্রমিকের ন্যায্য মজুরির দাবি কেবল একটি শ্রেণির স্বার্থের বিষয় নয়, বরং বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ার বৃহত্তর সংগ্রাম।
সোমবার (২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেও অনেক তরুণকে মাসে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করতে হয়। এ কারণে শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে।
তবে পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের প্রতি দেশের শিক্ষিত, সচেতন ও পেশাজীবী মানুষের জোরালো সমর্থন থাকা উচিত বলে মনে করেন এনসিপির এই নেতা।
তিনি আরও বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি মানে শুধু একজন শ্রমিকের আয় বাড়ানো নয়। এর প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতিতে। শ্রমিকদের ক্রয়ক্ষমতা বাড়লে বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হয়।
ফেসবুক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মনে রাখতে হবে, শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি। আর দেশের অর্থনৈতিক উন্নতি মানেই আপনার-আমার জীবনমানের উন্নতি।’
তিনি আরও উল্লেখ করেন, শ্রমিকের ন্যায্য মজুরির লড়াই শুধু শ্রমিকদের একার নয়; এটি বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি প্রতিষ্ঠার লড়াই।









