Home / দেশ / বরিশাল বিভাগ / জাতীয় ঐক্যের অভাবে দুর্ভিক্ষের আশঙ্কা, বললেন জাপা মহাসচিব

জাতীয় ঐক্যের অভাবে দুর্ভিক্ষের আশঙ্কা, বললেন জাপা মহাসচিব

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, জাতীয় পার্টি দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের দল। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যের পরিবেশ গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে ব্যর্থতা দীর্ঘমেয়াদি অস্থিরতা, অর্থনৈতিক সংকট এমনকি সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে আয়োজিত ‘দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় পার্টির করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব বক্তব্য দেন জাপা মহাসচিব।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, অতীতে ত্রুটিপূর্ণ নির্বাচন দেশের সংকট সমাধান করতে পারেনি, বরং নানা জটিলতা আরও বাড়িয়েছে। তাই একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, বর্তমানে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থানের সংকটও বাড়ছে। নতুন সরকারের কাছে গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা থাকলেও বাস্তবে সে ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে না বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সরকার যদি সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে ব্যর্থ হয়, তাহলে দেশের সামনে আরও বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এ বিষয়ে সতর্ক থেকে সমঝোতা ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান জাপা মহাসচিব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া এবং আলমগীর সিকদার লোটন। বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Social Icons