Home / জাতীয় / সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন বাজেটে নতুন বেতন কাঠামোর জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির তিন ধাপে বাস্তবায়নের সুপারিশে সরকার সম্মতি দিয়েছে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ প্রথম ধাপে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে পে স্কেল কার্যকর হলে বর্তমানে দেওয়া বিশেষ সুবিধাগুলো বাতিল হবে।

ফলে এই সমন্বয়ের পর সামগ্রিকভাবে বেতন বৃদ্ধির হার ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীরা সুপারিশকৃত মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা পাবেন। দ্বিতীয় ধাপে পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে ভাতা যুক্ত করে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো বাস্তবায়নের কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামোর বিস্তারিত রূপরেখা এবং তিন ধাপে বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরবেন।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগকে সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Social Icons