অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেছেন বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে সানায়ার পক্ষে আইনজীবী শুভ্র সিনহা রায় রনি নারাজি আবেদন জমা দেন।
আইনজীবী জানান, বাদী ও তিন সাক্ষীকে আগামী ২০ অক্টোবর আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। ওইদিন নারাজি আবেদনের ওপর শুনানি হবে।
যে অভিযোগে মামলা
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন।
অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা ছিল। তবে তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সানায়া।
শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এরপর ২০২৫ সালের ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সানায়া। এর আগে ১০ নভেম্বর ম্যাসেঞ্জারে মামলা করা ও সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।
পিবিআইয়ের প্রতিবেদনে যা বলা হয়েছে
পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, তানজিন তিশা তার সাবেক চালকের মাধ্যমে শাড়িটি নিয়েছিলেন।
দুই পক্ষের কথোপকথন পর্যালোচনা করে পিবিআই জানায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর শাড়ি ফেরত চেয়ে সানায়া বার্তা পাঠান। তবে তিশা সেটি দেখেননি।
এরপর ২০২৫ সালের ৫ নভেম্বর শাড়িটির ছবি পাঠানো হলে তিশা জানান, বিষয়টি তার মনে নেই। তিনি খুঁজে দেখে জানাবেন বলেও জানান।
শাড়ি ফেরত পাঠানোর দাবি
তিশার বক্তব্য অনুযায়ী, তার সাবেক চালক শাড়িটি ফেরত না দিয়ে চাকরি ছেড়ে চলে যান।
পরে মামলার বিষয়টি জানার পর তিশা ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান।
পিবিআইয়ের মতে, শাড়িটি ফেরত পাঠানো হয়েছে। তাই প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
দুই পক্ষের কথোপকথন পর্যালোচনা করেও হুমকির অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পিবিআইয়ের প্রতিবেদন মানছে না বাদীপক্ষ
তবে বাদীপক্ষ পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত নয়।
তাদের দাবি, তদন্তের সময় হুমকির অডিওসহ বিভিন্ন প্রমাণ দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
এ কারণে পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ না করে আদালতে নারাজি আবেদন করেছেন তারা।
তিশার বিরুদ্ধে এটি দ্বিতীয় শাড়ির মামলা
শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে এটি দ্বিতীয় মামলা।
এর আগে অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র কাছ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
ওই মামলায় প্রচার ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি না রাখার অভিযোগ করা হয়েছিল।
ডিবির তদন্ত প্রতিবেদনে ওই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলা হয়।
পরে আদালতে হাজির হয়ে গত ১৩ আগস্ট জামিন পান তানজিন তিশা।
