পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং বিরোধীদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু অবশিষ্ট নেই। গ্রাম থেকে শহর পর্যন্ত পুলিশ ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব চলছে বলেও দাবি করেন তিনি।
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অভিযোগ
সংবাদমাধ্যমের ওপর আক্রমণের অভিযোগ তুলে মমতা বলেন, বাংলার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। শিক্ষা ও সংস্কৃতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, যারা সরকারের পক্ষে নেই, তাদের সংবাদমাধ্যমের অফিসেও গিয়ে গেরুয়া রং করা হচ্ছে।
মমতা বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা না থাকলে সাধারণ মানুষের অধিকারও থাকবে না।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন সাবেক মুখ্যমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকলে মানুষকে চরম পরিণতির হুমকি দেওয়া হচ্ছে। কোনো মামলা না থাকা সত্ত্বেও অনেক নির্দোষ মানুষকে ভুয়া মামলা দিয়ে বেআইনিভাবে আটক করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ক্যামাক স্ট্রিটের ঘটনা নিয়ে অভিযোগ
বারুইপুর ও কলকাতার ক্যামাক স্ট্রিটের সাম্প্রতিক ঘটনার কথাও উল্লেখ করেন মমতা।
তার অভিযোগ, ক্যামাক স্ট্রিটের একটি অফিসে ঢুকে কম্পিউটার ও নথি লুট করা হয়েছে। দলের চারজনকে ভেতরে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
মমতার ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলের কাছেই শেক্সপিয়র সরণী থানা থাকলেও পুলিশ নিষ্ক্রিয় ছিল।
বারুইপুরের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে পুলিশ ফাঁড়ির নামে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজেপিকে কড়া হুঁশিয়ারি
পুলিশের কথিত পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে কড়া বার্তা দেন মমতা।
তিনি বলেন, এসব ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের নাম তারা লিখে রাখছেন। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ফটোশুট নরেন্দ্র মোদিকে মানায়, তবে রাজ্যের দায়িত্বে থাকা ব্যক্তির ক্ষেত্রে তা মানায় না।
দল ভাঙানো নিয়েও হুঁশিয়ারি
বিজেপির উদ্দেশে মমতা আরও বলেন, যারা এখন অন্য দলের ভাঙন ঘটাচ্ছে, তাদের মনে রাখা উচিত একদিন তাদেরও একই পরিণতি হতে পারে।
তার দাবি, একদিন বিজেপির দলও ভেঙে টুকরো হয়ে যেতে পারে।



