GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট ডিসেম্বরে

সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট ডিসেম্বরে

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের বক্তব্য

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তফসিল অক্টোবরে নেওয়া হতে পারে। চলতি বছরের শেষ নাগাদ নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন করাই কমিশনের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে সামনে থাকা বিভিন্ন পাবলিক পরীক্ষা, দুর্গাপূজা এবং অন্যান্য সামাজিক ও ধর্মীয় উৎসব বিবেচনায় নিতে হচ্ছে। এসব বিষয় সমন্বয় করেই নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার বিষয়ে কমিশনের স্পষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনের সময় নিয়ে সিইসি বলেন, নভেম্বরে যেন বার্ষিক পরীক্ষা না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে নির্বাচন কমিশন। পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করা গেলে কিংবা সময়সূচিতে কিছুটা সমন্বয় করা সম্ভব হলে ডিসেম্বর থেকে ভোট আয়োজন করা যেতে পারে।

তবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়েছে বলে জানান সিইসি। তার ভাষ্য, নির্বাচন আয়োজনের প্রস্তুতি নির্বাচন কমিশনের হাতে থাকলেও দেশের বাস্তবতায় নির্বাচনের সময় নির্ধারণের পুরো বিষয়টি শুধু কমিশনের নিয়ন্ত্রণে থাকে না।

আগামী বছরের শুরুতেই এসএসসি পরীক্ষা রয়েছে। তাই স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে সব ধরনের পরীক্ষা, উৎসব ও অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচি বিবেচনায় নিতে হচ্ছে বলে জানান তিনি।

এর আগে রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকে নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সর্বজনগ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন।

সিইসি জানান, রাষ্ট্রপতি কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে আন্তরিকভাবে কাজ করতে চান বলেও জানান সিইসি।

বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রস্তুতির বিষয়টিও রাষ্ট্রপতিকে জানানো হয়। সিইসি বলেন, এই উপনির্বাচন আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত।

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে ইসি। নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য আনুষঙ্গিক কেনাকাটার কাজও ইতোমধ্যে শেষ করা হয়েছে বলে জানান তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থাও থাকবে।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে—এমন প্রশ্নে সিইসি বলেন, প্রশাসনিক প্রস্তুতি কমিশনের প্রায় সম্পন্ন। তবে পরীক্ষা, জাতীয় ও ধর্মীয় উৎসব এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করেই চূড়ান্ত তারিখ নির্ধারণ করতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Tagged:

Social Icons