GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সাহিত্য / সাহিত্য গ্যালারি / হৃদয়ে ঢাকা ১৪১৬’: ক্যানভাসে ফুটে উঠেছে রাজধানীর ইতিহাস-ঐতিহ্য

হৃদয়ে ঢাকা ১৪১৬’: ক্যানভাসে ফুটে উঠেছে রাজধানীর ইতিহাস-ঐতিহ্য

রাজধানীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নাগরিক জীবনের নানা দিক উঠে এসেছে চিত্রশিল্পীদের ক্যানভাসে। ‘হৃদয়ে ঢাকা ১৪১৬’ উৎসবের অংশ হিসেবে শুরু হয়েছে বিশেষ চিত্র প্রদর্শনী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম

প্রদর্শনীটি ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে বিভিন্ন শিল্পীর চিত্রকর্মে উঠে এসেছে ঢাকার ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপনা, সংস্কৃতি ও জনজীবন। পাশাপাশি সময়ের সঙ্গে বদলে যাওয়া নগরচিত্রও স্থান পেয়েছে।

শিল্পীদের সৃজনশীলতায় পুরোনো ঢাকার ঐতিহ্যের পাশাপাশি ফুটে উঠেছে সমকালীন নগরজীবনের নানা চিত্র।

উদ্বোধনী বক্তব্যে আবদুস সালাম বলেন, ঢাকা শুধু একটি নগর নয়। এটি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক

শহরের প্রতিটি অলিগলি, স্থাপনা ও জনজীবনের সঙ্গে ইতিহাসের নানা অধ্যায় জড়িয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।

চিত্রশিল্পীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে সেই ঢাকা, ইতিহাস ও ঐতিহ্যকে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরছেন বলে মন্তব্য করেন তিনি।

নতুন প্রজন্মের কাছে ঢাকার ইতিহাস

‘হৃদয়ে ঢাকা ১৪১৬’ আয়োজনের অন্যতম লক্ষ্য নতুন প্রজন্মের কাছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা। একই সঙ্গে নগরবাসীর মধ্যে নিজের শহরের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করাও এ আয়োজনের উদ্দেশ্য।

আবদুস সালাম বলেন, সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নাগরিকদের পাশাপাশি শহরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও সম্মিলিতভাবে কাজ করতে হবে।

চিত্র প্রদর্শনীর মতো সৃজনশীল আয়োজন ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলেও উল্লেখ করেন তিনি। এতে শিল্প-সংস্কৃতির সঙ্গে নগরবাসীর সম্পৃক্ততা বাড়বে বলেও জানান তিনি।

প্রশাসক ঢাকাবাসী, শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও শিল্পানুরাগীদের প্রদর্শনীটি পরিদর্শনের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. আব্দুস সাত্তার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Social Icons