ভারতের কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) কলকাতায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থি অংশ। দুপুর ২টায় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।
তবে কলকাতার এই কর্মসূচিতে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। একইভাবে মিছিলের জন্য পুলিশের অনুমতি পাওয়া গেছে কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য মেলেনি।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন এই মিছিলের আয়োজন করেছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, তিনিও কর্মসূচিতে অংশ নেবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ব্যস্ত থাকায় তিনি কলকাতার মিছিলে যোগ দিতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি।
মিছিলের অনুমতি প্রসঙ্গে কুণাল ঘোষ জানান, পুলিশের অনুমতি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন। তবে পুলিশ অনুমতি দেবে না বলেই তিনি মনে করছেন।
কেন এই বিক্ষোভ?
তৃণমূলের এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আপত্তি রয়েছে। এ ছাড়া দিল্লিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের কথিত পদক্ষেপ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশি হেফাজতে নেওয়ার প্রতিবাদও কর্মসূচির অংশ।
তৃণমূলের মমতাপন্থি অংশ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ তুলেছে। একই সঙ্গে জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানিয়েছে তারা। দলটির এই অংশ প্রধান নির্বাচন কমিশনারকে ‘ভোট চোর’ বলেও আখ্যা দিয়েছে।
মমতার কর্মসূচি নিয়ে শুভেন্দুর কটাক্ষ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মন্তব্য করেন, আয়োজকেরা মিছিলের জন্য ‘খুব ভালো জায়গা’ বেছে নিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
তার বক্তব্যে রাজাবাজার ও পার্ক সার্কাস এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতির দিকে ইঙ্গিত ছিল বলে ধারণা করা হচ্ছে।
শুভেন্দু অধিকারী বিরোধীদের বিরুদ্ধে ‘দিমাগি নকশাল’ ও দেশবিরোধী শক্তির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও তুলেছেন। তার দাবি, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দুর্বল করার উদ্দেশ্যে এসব তৎপরতা চালানো হচ্ছে। এসআইআর ঘিরে বিক্ষোভের পেছনেও ‘ডিপ স্টেট’-এর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, সোমবার থেকেই তৃণমূলের নেতাকর্মীরা কলকাতার বিভিন্ন এলাকায় মিছিলের সমর্থনে প্রচার শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের ছাত্র, যুব, শ্রমিক ও নারী সংগঠনের সদস্যদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কি না এবং পুলিশ শেষ পর্যন্ত অনুমতি দেবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
তথ্যসূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া









