GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / খেলা / ২২ বছরের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ডের সামনে লিটন দাস

২২ বছরের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ডের সামনে লিটন দাস

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে উইকেটকিপার হিসেবে বাংলাদেশের নতুন রেকর্ড গড়েছেন লিটন দাস। আবুধাবিতে চলমান ম্যাচে এখন পর্যন্ত ৮টি ডিসমিসালে অংশ নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ২২ বছর আগে গড়া খালেদ মাসুদ পাইলটের রেকর্ড ভেঙেছেন এই বাংলাদেশি ক্রিকেটার।

এর আগে এক টেস্টে বাংলাদেশের উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের রেকর্ড ছিল খালেদ মাসুদ পাইলটের দখলে। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। দীর্ঘ ২২ বছর পর সেই রেকর্ড নিজের করে নিলেন লিটন।

আফগানিস্তানের প্রথম ইনিংসে চারটি ক্যাচ নেওয়ার পাশাপাশি একটি স্টাম্পিং করেন লিটন। দ্বিতীয় ইনিংসের শুরুতেও আরও তিনটি ক্যাচ নেন তিনি। সব মিলিয়ে তার ডিসমিসালের সংখ্যা দাঁড়িয়েছে ৮টিতে।

বাংলাদেশ এই টেস্টে আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছে। আফগানিস্তানের ইনিংস চলমান থাকায় লিটনের সামনে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।

এবার বিশ্বরেকর্ডের হাতছানি

বাংলাদেশের রেকর্ড ভাঙার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে লিটন দাস। এক টেস্টে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১১টি ডিসমিসালের বিশ্বরেকর্ড রয়েছে। এই কীর্তি যৌথভাবে ধরে রেখেছেন ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত।

১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১টি ডিসমিসালে অংশ নেন জ্যাক রাসেল। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে একই কীর্তি গড়েন এবি ডি ভিলিয়ার্স। আর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি ডিসমিসাল করেন ঋষভ পন্ত।

চলমান টেস্টে লিটন আরও চারটি ডিসমিসালে অংশ নিতে পারলে বিশ্বরেকর্ডে ভাগ বসাবেন। এর বেশি করতে পারলে এককভাবে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগও থাকবে তার।

ব্যাট হাতেও উজ্জ্বল লিটন

উইকেটের পেছনে রেকর্ড গড়ার পাশাপাশি ব্যাট হাতেও দারুণ পারফরম্যান্স করেছেন লিটন। প্রথম ইনিংসে অর্ধশতকের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন তিনি।

এই টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন লিটন। পাশাপাশি সেঞ্চুরির সংখ্যায় ছাড়িয়ে গেছেন বাংলাদেশের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে।

সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে এই টেস্ট লিটনের জন্য স্মরণীয় হয়ে উঠেছে। এখন ম্যাচের শেষ দিনে উইকেটকিপিংয়ে বিশ্বরেকর্ড গড়তে পারেন কি না, সেদিকেই নজর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

Social Icons