GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ‘আমাদের সুপারহিরো দরকার নেই’, রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির

‘আমাদের সুপারহিরো দরকার নেই’, রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির

ভারতের বিরোধী নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গির ব্যাটম্যানের মুখোশ পরে প্রতিবাদে অংশ নেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনাকে কটাক্ষ করে বিজেপি নেতারা বলেছেন, ভারতের কোনো সুপারহিরোর প্রয়োজন নেই।

গতকাল নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে এ ঘটনা ঘটে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতা করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা।

বিক্ষোভের সময় কয়েকজন তরুণকে ব্যাটম্যানের মুখোশ পরে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসে রাহুল গান্ধীর। তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরির অংশ হিসেবে তিনিও একটি মুখোশ পরেন। পরে বাসে যাত্রার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গিকেও মুখোশ পরতে সাহায্য করেন তিনি।

তবে বিরোধীদের এই প্রতীকী প্রতিবাদ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। তাদের দাবি, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার যে চেষ্টা বিরোধীরা করছে, ব্যাটম্যানের মুখোশ পরার ঘটনাও তার অংশ। এই কৌশল বিরোধীদের উদ্দেশ্য পূরণে সফল হয়নি বলেও মন্তব্য করেন তারা।

কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গিকে ব্যাটম্যান ও তার সহযোগী রবিনের সঙ্গে তুলনা করেন।

পোস্টে তিনি লেখেন, ‘দিল্লি গথাম নয়, আর আমাদের কোনো অন্ধকার সুপারহিরো ও রবিনের প্রয়োজন নেই।’

ব্যাটম্যানের কাল্পনিক জগতে গথাম সিটি অপরাধপ্রবণ শহর হিসেবে পরিচিত। সেই প্রেক্ষাপট টেনেই কেন্দ্রীয় মন্ত্রী রাহুল গান্ধী ও খাড়গিকে কটাক্ষ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত আগস্টে ইনস্টাগ্রামে শিক্ষার্থী ও জেন-জি প্রজন্মের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ব্যাটম্যান? জবাবে তিনি বলেছিলেন, ‘এটুকু বলা যায়, আমাকে আর ব্যাটম্যানকে কখনো একই ঘরে একসঙ্গে দেখা যায়নি।’

পরে নয়াদিল্লিতে কংগ্রেসের কার্যালয়গুলোতে রাহুল গান্ধীকে ‘বাস্তব জীবনের ব্যাটম্যান’ আখ্যা দিয়ে পোস্টারও দেখা যায়।

তথ্যসূত্র: এনডিটিভি

Social Icons