GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / গাড়িবহরকে লাল কার্ড দেখানোর পর সমালোচনা, যা বললেন ছাত্রদল নেতা নিশান

গাড়িবহরকে লাল কার্ড দেখানোর পর সমালোচনা, যা বললেন ছাত্রদল নেতা নিশান

গাড়িবহরকে লাল কার্ড দেখানোর পর সমালোচনা, যা বললেন ছাত্রদল নেতা নিশান

মীরসরাইয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লক্ষ্য করে লাল কার্ড প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় লাল কার্ড প্রদর্শনকারী যুবক জানিয়েছেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ১১ দলীয় ঐক্যজোটের চট্টগ্রামমুখী লংমার্চের পথে মীরসরাইয়ে আয়োজিত একটি পথসভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল। এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবক গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করেন।

পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রশংসা দেখা গেলেও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা শুরু হয়।

লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মীরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য।

ঘটনা সম্পর্কে মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন বলেন, সরকারের মাত্র ছয় মাস হয়েছে। কিছু সংকট পূর্বের সৃষ্টি করা, সেগুলো সামাল দিতে সময় দেওয়া উচিত। তার দাবি, দেশে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে এটি ছিল একটি শান্তিপূর্ণ প্রতিবাদ।

অন্যদিকে, নিজের অবস্থান ব্যাখ্যা করে নিশান বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদে তিনি লাল কার্ড প্রদর্শন করেছেন।

তিনি আরও বলেন, তার লাল কার্ড প্রদর্শনকে কেন্দ্র করে একটি গোষ্ঠীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তবে তার দাবি, তিনি শুধু লাল কার্ডই দেখিয়েছেন। কাউকে গালি দেননি, জুতো বা ঝাড়ু দেখাননি এবং কারও মা-বাবা, ভাই-বোন নিয়েও কোনো গালমন্দ করেননি।

নিশানের ভাষ্য, বিষয়টি একটু বিচার-বিশ্লেষণ করলেই তার প্রতিবাদের উদ্দেশ্য বোঝা যাবে।

Social Icons