GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / জামায়াত আমিরের মন্তব্যে ক্ষুব্ধ শাহাদাত, দিলেন কড়া জবাব

জামায়াত আমিরের মন্তব্যে ক্ষুব্ধ শাহাদাত, দিলেন কড়া জবাব

জামায়াত আমিরের মন্তব্যে ক্ষুব্ধ শাহাদাত, দিলেন কড়া জবাব

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় এর কড়া জবাব দিয়েছেন শাহাদাত। নিজের মেয়াদের বিষয়ে আদালতের রায় ও গেজেট প্রকাশের বিষয়টি তুলে ধরে তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা হলে তিনি নিজেই পদ ছেড়ে নির্বাচনে অংশ নেওয়ার পথ তৈরি করবেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় জামায়াত আমিরের মন্তব্যের প্রতিক্রিয়া জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন বলেন, জামায়াতের আমির চট্টগ্রামের লালদিঘীতে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’-এর কথা বলেছেন। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তার নির্বাচনী রায় ছিনিয়ে নেওয়া হয়েছিল।

তিনি বলেন, তার রায়ের বিরুদ্ধে করা মামলায় নির্বাচনি ট্রাইব্যুনালের রায় হয় এবং ওই রায়ের ভিত্তিতে তাকে বৈধভাবে মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে হাইকোর্টের রায় অনুযায়ী গেজেট প্রকাশ এবং শপথ গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

শাহাদাত বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এই রায় দেওয়া হয়েছিল। সে সময় জামায়াতের সঙ্গে থাকা বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতাদের অনেকে সরকারের বিভিন্ন দায়িত্বেও ছিলেন বলে দাবি করেন তিনি।

নিজের আইনি লড়াইয়ের প্রসঙ্গে চসিক মেয়র বলেন, জনগণের প্রত্যাশিত রায় পাওয়ার জন্য তিনি দীর্ঘদিন লড়াই করেছেন। এ মামলার কারণে তাকে ছয় মাস জেলে থাকতে হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। গত ১৬ বছরে তার বিরুদ্ধে ১১০টির বেশি মামলা হয়েছে বলে জানান শাহাদাত।

তিনি আরও দাবি করেন, আদালতের রায়ে আওয়ামী লীগের মেয়রকে অবৈধ এবং তার মেয়াদকেও অবৈধ বলা হয়েছে। তার নিজের মেয়র পদে শপথ নেওয়ার তারিখ ২০২৪ সালের ৩ নভেম্বর উল্লেখ করে শাহাদাত বলেন, আদালতের রায় অনুযায়ী তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত থাকবে।

জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করে শাহাদাত বলেন, তিনি এ বক্তব্যে বিস্মিত হয়েছেন। তার মতে, এই বক্তব্যের মাধ্যমে ২০২১ সালে নির্বাচিত আওয়ামী লীগের মেয়র রেজাউল করিমকে বৈধতা দেওয়ার বিষয়টি ফুটে উঠেছে।

তিনি বলেন, আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হওয়ার সময়ের পরিস্থিতি এবং বর্তমান অবস্থার মধ্যে পার্থক্য রয়েছে। একই সঙ্গে জামায়াত আমিরের বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সময়কে সমর্থন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে স্থানীয় সরকার নির্বাচন হলে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন চসিক মেয়র। তিনি বলেন, জনগণের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে তিনি তাতে প্রস্তুত আছেন।

শাহাদাত বলেন, স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামসহ দেশের স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলেই তিনি নিজে পদ থেকে সরে যাবেন এবং গণতান্ত্রিক নির্বাচনকে স্বাগত জানাবেন।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের অধিকার সবার রয়েছে এবং যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের সবাইকে সুযোগ দেওয়া উচিত। একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের পক্ষেও তিনি নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

Social Icons