GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / দীর্ঘদিনের স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র, ফের মিলবে অভিবাসী ভিসা

দীর্ঘদিনের স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র, ফের মিলবে অভিবাসী ভিসা

যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের স্থগিত থাকা অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া আবার চালু হয়েছে

দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর অভিবাসী ভিসা স্থগিত রাখার সিদ্ধান্ত বাতিল করে নতুন এই পদক্ষেপ নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

এর আগে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুযোগ-সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীল হতে পারেন, এমন আশঙ্কায় আবেদনকারীদের যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারিতে এই ভিসা স্থগিত করা হয়েছিল।

আদালতের আদেশে স্থগিতাদেশ বাতিল

চলতি বছরের জানুয়ারিতে বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর

এই ভিসার মাধ্যমে বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ বা গ্রিন কার্ড পাওয়ার আবেদন করতে পারেন।

তবে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (ক্লিনিক)-এর করা এক মামলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে রায় দেন নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা বিচারক জিনেট ভার্গাস

এর পর গত ২১ আগস্ট ওই ভিসা স্থগিত নীতি বাতিল হয়ে যায়

আদালত জানায়, শুধু কোনো দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা প্রত্যাখ্যান করা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আওতায় পররাষ্ট্রমন্ত্রীর এখতিয়ারবহির্ভূত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ২৮ আগস্ট প্রকাশিত হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, ওই স্থগিতাদেশ এখন আর কার্যকর নেই।

তালিকায় থাকা ৭৫টি দেশ

অভিবাসী ভিসা স্থগিত থাকা দেশগুলোর তালিকায় ছিল বাংলাদেশসহ ৭৫টি দেশ

তালিকায় রয়েছে—

বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বার্বুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রানাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনাডিন্স, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

আবেদনকারীদের জন্য কী পরিবর্তন আসছে?

স্থগিতাদেশ উঠে যাওয়ার ফলে এখন থেকে ৭৫ দেশের নাগরিকরা স্বাভাবিক নিয়মে অভিবাসী ভিসার আবেদন ও ভিসা পাওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন

তবে আগের ইস্যু করা ভিসার ওপর এই স্থগিতাদেশের কোনো প্রভাব পড়েনি।

যারা স্থগিতাদেশ চলাকালে আবেদন জমা দিয়েছিলেন বা সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন, তাদের ক্ষেত্রে শুধু চূড়ান্ত ভিসা প্রদান প্রক্রিয়া আটকে ছিল।

এ ছাড়া তালিকাভুক্ত দেশের নাগরিক হলেও যাদের অন্য কোনো দেশের বৈধ পাসপোর্ট ছিল, তারা এই বিধিনিষেধের আওতামুক্ত ছিলেন।

মার্কিন পরিবারের দত্তক নেওয়া শিশুদের জন্যও বিশেষ ছাড় ছিল।

তবে পর্যটক, শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের মতো অ-অভিবাসী ভিসা এই স্থগিতাদেশের আওতায় ছিল না।

সূত্র: এনডিটিভি

Social Icons