পটুয়াখালীর গলাচিপায় বিএনপির দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গলাচিপা পৌর শহরের কালীবাড়ি, বটতলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশপাশে এসব সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপায় বর্তমান উপজেলা কমিটি ও সাবেক নেতাদের অনুসারীরা পৃথক কর্মসূচির আয়োজন করেন।
কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার (৩১ আগস্ট) থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে সেখানে সংঘর্ষ শুরু হয়।
পরে দুই পক্ষ পৃথক মিছিল বের করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
মিছিল দুটি কালীবাড়ি ও বটতলা এলাকায় পৌঁছালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সাজেদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
