GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আজকের খবর / বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে শিবির নেতাদের গুলির অভিযোগ, ট্রাইব্যুনালে এএসআইয়ের সাক্ষ্য

বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে শিবির নেতাদের গুলির অভিযোগ, ট্রাইব্যুনালে এএসআইয়ের সাক্ষ্য

বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে শিবির নেতাদের গুলি

যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে দুই ছাত্রশিবির নেতাকে গুলি করার অভিযোগের মামলায় সাক্ষ্য দিয়েছেন এক এএসআই।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

জবানবন্দিতে ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। এরপরও সাজানো মামলায় তাকে আহত দেখানো হয়েছিল।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার সাক্ষ্য রেকর্ড করা হয়।

এ মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমানসহ মোট আটজন আসামি রয়েছেন।

এর মধ্যে তিনজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক

সাক্ষ্য দিতে গিয়ে এএসআই জানান, ২০১৬ সালের ৩ আগস্ট বিশেষ অভিযানের সময় চৌগাছা থানার নারায়ণপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল।

সেখানে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিদের কাছে একটি ব্যাগে ইসলামী ছাত্রশিবিরের চাঁদা আদায়ের রশিদ ও রেজিস্টার খাতা পাওয়া যায়।

পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

এএসআই জানান, পরদিন জানতে পারেন, আটক ওই দুই ব্যক্তিকে চৌগাছার বন্দুলিতলা এলাকায় পায়ে গুলি করা হয়েছে

একইসঙ্গে তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়।

তার দাবি, ওই ঘটনায় তাকে মামলায় সঙ্গীয় অফিসার হিসেবে আহত দেখানো হয়েছিল

কিন্তু তিনি বলেন, ওই সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং আহতও হননি।

এএসআই আরও দাবি করেন, এ বিষয়ে জানতে চাইলে তাকে নীরব থাকতে বলা হয়েছিল।

তিনি বলেন, তৎকালীন সময়ে চৌগাছা থানায় কর্মরত থাকাকালে বিরোধী মতের অনেক তরুণকে হয়রানির ঘটনা তিনি জানতে পারেন।

বিবেকের তাড়নায় তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করেন।

Social Icons