প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি মিললে সফরের তারিখ চূড়ান্ত করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সফরের সময় নির্ধারণের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমন্বয় করা হচ্ছে।
তিনি বলেন, গত ৫ আগস্ট দিল্লিতে ঘটে যাওয়া একটি ঘটনায় বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। বিষয়টি বাংলাদেশ ভারতের কাছে উত্থাপন করেছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
দিল্লি সফর নিয়ে আগেও আলোচনা
এর আগে গত আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে বিভিন্ন আলোচনা হয়।
তবে শেষ পর্যন্ত ওই মাসে তিনি ভারত সফরে যাননি। ভারত সরকারের পক্ষ থেকে সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছিল এবং এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল।
গত আগস্টে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিল।
পরে দিল্লি পুলিশের বাধার কারণে ওই অনুষ্ঠান বাতিল হয়ে যায়। এ ঘটনায় বাংলাদেশের মানুষের অনুভূতি আহত হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বোয়িং উড়োজাহাজ কেনা নিয়েও কথা
এদিকে নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, কোনো ধরনের চাপের কারণে নয়, বরং দেশের নিজস্ব প্রয়োজন ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনা করেই বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশকে এই অঞ্চলের একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

