GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / লিফট নিয়ে আদালতে ক্ষোভ পলকের, প্রশ্ন করলেন ‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’

লিফট নিয়ে আদালতে ক্ষোভ পলকের, প্রশ্ন করলেন ‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে নিজের সঙ্গে আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এ হাজির করা হলে পলক অভিযোগ করেন, তাকে পেছনে হাতকড়া পরিয়ে সিঁড়ি দিয়ে ছয়তলা পর্যন্ত ওঠানো হয়েছে। মানবিক দিক বিবেচনা করে সামনে হাতকড়া পরানোর ব্যবস্থা করার জন্য আদালতের কাছে অনুরোধ জানান তিনি।

পলক রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, তার অবস্থান থেকে আদালতের অবস্থান খুব বেশি দূরে নয়। ছয়তলা পর্যন্ত হাঁটিয়ে নেওয়ার বিষয়টিও তিনি আদালতের নজরে আনেন।

আদালত থেকে নামার সময়ও লিফট ব্যবহারের সুযোগ না পাওয়ায় প্রশ্ন করেন পলক, ‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি দাবি করেন, আদালতে আনার সময় দুটি লিফটের মধ্যে একটি চালু ছিল। তারপরও আসামিদের সিঁড়ি দিয়ে ওঠানো ও নামানো হয়েছে। তাদের ব্যবহৃত হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেটের অবস্থাও ভালো নয় বলে অভিযোগ করেন তিনি।

এ মামলায় ৩৪ জন আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক এবং ২০ জন পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। এদিন কারাগারে থাকা আটজনকে আদালতে হাজির করা হয়।

মামলাটি ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত ট্রাকচালক মো. হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হয়। নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

Social Icons