সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশি অভিযান চলাকালে হাতকড়াসহ এক আসামি পালিয়ে গেছে।
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার পর উপজেলার দামোধরদপী পয়েন্টে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওই আসামির নাম আসির মিয়া (৩৫)।
তিনি উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
ঘটনার রাতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালায়।
অভিযানকালে নির্দিষ্ট একটি মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে তাঁর হাতে হ্যান্ডকাফ পরানো হয়।
পরবর্তীতে পুলিশ হেফাজতে নেওয়ার সময় স্থানীয়দের হইচইয়ের সুযোগে তিনি হাতকড়াসহ ভোঁ-দৌড় দিয়ে পালিয়ে যান।
ঘটনার পর থেকে পলাতক আসামি আসির মিয়াকে পুনরায় ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
শান্তিগঞ্জ থানা পুলিশ জানায়, আসামির সম্ভাব্য সব আস্তানা ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি সম্পর্কে দ্রুত তথ্য নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।



