ভারতের অন্যতম জনপ্রিয় ও চর্চিত তারকা দম্পতি বিরাট কোহলি এবং আনুশকা শর্মা।
খেলার মাঠ থেকে বিনোদনজগৎ—সবখানেই এই জুটির ভক্ত সংখ্যা অগুণতি।
তবে দেশে বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এই তারকা দম্পতি বর্তমানে লন্ডনে স্থায়ী বাসা বেঁধেছেন।
সম্প্রতি বলিউড তারকা মাধুরী দীক্ষিতের স্বামী ডক্টর শ্রীরাম নেনে তাঁদের দেশ ছাড়ার আসল কারণ প্রকাশ করেছেন।
শ্রীরাম নেনে জানান, অতিরিক্ত জনসমাগম ও নজরদারির কারণে তাঁরা ভারতে নিজেদের সাফল্য উপভোগ করতে পারছিলেন না।
এক পডকাস্ট আলোচনায় বিরুশকার সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথনের স্মৃতিচারণ করেন শ্রীরাম।
তিনি বলেন, তারকা হওয়ার কারণে ভারতে তাঁদের প্রতিটি পদক্ষেপে মানুষের অতি আগ্রহ ও মানসিক চাপ তৈরি হতো।
সন্তানদের স্বাভাবিক ও নিরিবিলি পরিবেশে বড় করার লক্ষ্যেই এই দম্পতি যুক্তরাজ্যে থাকার সিদ্ধান্ত নেন।
লন্ডনে বাস করার ফলে ভারতের তুলনায় তাঁদের ওপর সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের নজরদারির চাপ বেশ কম।
২০১৭ সালে ইতালির মিলানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট ও আনুশকা।
বর্তমানে দুই সন্তানকে নিয়ে ক্রিকেট ও অভিনয়ের বাইরে বেশ শান্তিতে দিন কাটাচ্ছেন এই দুই তারকা।



