Home / শিক্ষা ও ক্যারিয়ার / শিক্ষা / অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বাংলা, ইতিহাস ও দর্শনসহ ছয়টি বিষয়ের অনার্স কোর্স বাতিল করে সেখানে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স), সাইবার সিকিউরিটি, আউটসোর্সিংসহ প্রযুক্তিনির্ভর বিষয় যুক্ত করা হবে—এ ধরনের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে সমালোচনাও তৈরি হয়। তবে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এমন দাবিকে সঠিক নয় বলে জানায়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কীভাবে এ ধরনের খবর প্রকাশিত হলো, তা নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে।

বাংলা, ইতিহাস ও দর্শনসহ ছয়টি বিষয় অনার্স থেকে বাদ দিয়ে নতুন প্রযুক্তিনির্ভর বিষয় যুক্ত করা হচ্ছে—এ ধরনের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কলেজ অনুবিভাগ) জহিরুল ইসলাম।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, “বাংলা বাদ দিলে থাকে কী? বাংলাসহ ছয়টা বিষয় বাদ দিলে থাকে কী? এটা তো আমি নিজেও জানি না। এগুলো কি কেউ কোনোদিন বাদ দিতে পারে? এখন কারা কীভাবে রিপোর্ট করছে, সেটা তাদের কাছেই জিজ্ঞেস করতে হবে। পত্রিকায় এখন কত ধরনের রিপোর্ট আসে, আশ্চর্যের বিষয়। এটা কেমন ধরনের নিউজ! এরপর তো আবার খবর আসবে লেখাপড়া বন্ধ করে দেওয়া হয়েছে—এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, এ ধরনের খবর যাচাই না করে প্রকাশ করা দুঃখজনক।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের উচ্চশিক্ষাকে আরও কর্মমুখী করার লক্ষ্যে শিক্ষা কাঠামোতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রস্তাবিত খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস ও দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ের অনার্স কোর্স ধাপে ধাপে বাতিল বা পুনর্বিন্যাস করা হতে পারে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব মানবিক ও সামাজিক বিজ্ঞানভিত্তিক বিষয়কে অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বিত করা হবে। পাশাপাশি আইটি ও কারিগরি শিক্ষার পরিসর বাড়ানোর পরিকল্পনার কথাও উঠে আসে। কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার সংযোগ জোরদার করতে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, আউটসোর্সিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর দক্ষতাভিত্তিক বিষয় যুক্ত করার কথাও বলা হয়।

এছাড়া কলেজ পর্যায়েই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু, ক্যারিয়ার সেন্টার স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য সাতটি বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়ার বিষয়েও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Social Icons