GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / শিক্ষা ও ক্যারিয়ার / শিক্ষা / জানুয়ারিতে এসএসসি ও ফেব্রুয়ারিতে এইচএসসির পরিকল্পনা:শিক্ষামন্ত্রী

জানুয়ারিতে এসএসসি ও ফেব্রুয়ারিতে এইচএসসির পরিকল্পনা:শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে অযথা সময় নষ্ট হওয়া ঠেকাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি উল্লেখযোগ্যভাবে এগিয়ে আনার চিন্তা করছে সরকার। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর জানুয়ারি মাসে এসএসসি এবং ফেব্রুয়ারি মাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে শিক্ষা ব্যবস্থা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে শিক্ষামন্ত্রী এই গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সাধারণত বর্ষাকালে এসব পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অতিবৃষ্টি ও আবহাওয়াজনিত নানা দুর্যোগের মুখে পড়তে হয়। ফলে হাজার হাজার পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ে। পরীক্ষা এগিয়ে এনে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে গুরুত্বপূর্ণ মূল্যায়ন শেষ করা গেলে আবহাওয়াজনিত ঝুঁকি কমার পাশাপাশি ভর্তি প্রক্রিয়ার সমন্বয় সহজ হবে।

বর্তমান জটিল পরীক্ষা ও ধীরগতির ভর্তি ব্যবস্থার কারণে একজন শিক্ষার্থীর জীবন থেকে প্রায় দুটি অমূল্য বছর নষ্ট হচ্ছে উল্লেখ করে ড. মিলন বলেন, “১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে দ্বাদশ শ্রেণি শেষ করার কথা থাকলেও ফল প্রকাশ ও ভর্তির দীর্ঘসূত্রতায় বয়স ২০ বছরে গিয়ে ঠেকছে। এই অবহেলার দায় শিক্ষা ব্যবস্থাপনাকে নিতে হবে এবং দেশের এই বড় ধরনের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ অপচয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি আরও ইঙ্গিত দেন যে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা যেন জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন করা যায়, সরকার সেই লক্ষ্যেই এগোচ্ছে।

পরীক্ষার তারিখ এগিয়ে আনার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর পরিবর্তন আনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, এবার থেকে একাধিক সেটে প্রশ্ন তৈরি করা হবে এবং প্রশ্ন ফাঁসের ঝুঁকি কমাতে ভিন্ন ভিন্ন স্থানে তা ছাপানো হবে। শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে সমন্বয় এনে শিক্ষার্থীদের সময় বাঁচানো ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

Social Icons