GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / কোরীয় উপদ্বীপে আমেরিকা-জাপান-দক্ষিণ কোরিয়ার পাঁচ দিনের মহড়া: উত্তর কোরিয়ার কড়া হুঁশিয়ারি

কোরীয় উপদ্বীপে আমেরিকা-জাপান-দক্ষিণ কোরিয়ার পাঁচ দিনের মহড়া: উত্তর কোরিয়ার কড়া হুঁশিয়ারি

কোরীয় উপদ্বীপে সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ নেতৃত্বে পাঁচ দিনব্যাপী বড় ধরনের ত্রিদেশীয় সামরিক মহড়া শুরু হয়েছে।

আন্তর্জাতিক জলসীমা ও আকাশসীমায় ‘ফ্রিডম এজ’ নামের এই যৌথ মহড়ার চতুর্থ পর্ব শুরু হয় জাপানের ইয়োকোটা বিমান ঘাঁটিতে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে।

আগামী শুক্রবার পর্যন্ত পরিচালিত এই মহড়ায় তিনটি দেশের আকাশ, সামুদ্রিক, সাইবার প্রতিরক্ষা এবং সমন্বিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আন্তঃকার্যক্ষমতার ওপর জোর দেওয়া হচ্ছে।

দক্ষিণ কোরিয়া এই সামরিক অনুশীলনকে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উল্লেখ করে জানায়, উত্তর কোরিয়ার পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলোর এই ত্রিপক্ষীয় সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে উস্কানিমূলক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ কর্তৃক প্রচারিত এক বিবৃতিতে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাত উসকে দেওয়ার অভিযোগ আনে।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম সং জি এক সতর্কবার্তায় জানান, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই বেপরোয়া সামরিক পদক্ষেপের কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও যোগ করে, আন্তর্জাতিক সীমানার কাছে এই সামরিক উপস্থিতি এই অঞ্চলের শান্তি বিনষ্ট করে একটি মারাত্মক সামরিক সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

মার্কিন প্যাসিফিক কমান্ডের তত্ত্বাবধানে আয়োজিত এই ফ্রিডম এজ মহড়ায় তিন দেশের বিমান, নৌঘাঁটি এবং বিভিন্ন কমান্ড পোস্ট সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

উত্তর কোরিয়ার নতুন পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার আশঙ্কার মধ্যেই এই যৌথ ত্রিদেশীয় সামরিক মহড়া কেন্দ্র করে ওই অঞ্চলে ফের যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।

Social Icons