মাদক শনাক্তকরণে ডোপ টেস্ট করার খবর শুনে চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মামুন উর রশিদ গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডোপ টেস্টের কথা জানতে পেরে তিনি পুলিশ ফাঁড়ি থেকে চলে যান বলে জানা গেছে। এরপর তাকে খুঁজে বের করতে পুলিশ সদস্যরা তার বাসায় গেলেও সেখানে তাকে পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবনের অভিযোগও রয়েছে বলে সূত্র জানিয়েছে। বিষয়টি যাচাই করতেই তাকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়।
ডোপ টেস্টের খবর পেয়ে তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানতে পারে পুলিশ। এরপর চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে খুঁজে বের করে ফাঁড়িতে নিয়ে আসতে পুলিশ সদস্যরা তার বাসায় যান। তবে সেখানেও তাকে পাওয়া যায়নি।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার ও বুধবার দুদিনই এসআই মামুন উর রশিদের বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছিল। কিন্তু তাকে পাওয়া যায়নি। এমনকি মঙ্গলবার থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে।
পুলিশ ফাঁড়ি জানিয়েছে, সেখানে কর্মরত সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে।





