GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৯

জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের মালিকানাকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নজরুল হলের সামনে, রবীন্দ্রনাথ ঠাকুর হলের চত্বরসংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে থাকা ৬টি দোকানের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ চলছিল। দোকানগুলো নজরুল হলের সামনে হওয়ায় ওই হলের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে এগুলোর মালিকানা দাবি করে আসছিলেন।

দোকানগুলোর মালিকানা নিয়ে বিরোধের জেরে সোমবার প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের শিক্ষার্থীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাকির হোসেন বলেন, আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। এরপর দুই হলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক নাফিউল কাদের জানান, ঘটনায় প্রায় ৯ জন আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এছাড়া একজন স্বেচ্ছায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সকাল থেকেই দুই হলের প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়েছিল। তবে কবি নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের সঙ্গে বসার আগেই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

খবর পেয়ে প্রক্টরসহ প্রশাসনের পুরো টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বর্তমানে দুই পক্ষ নিজ নিজ হলে অবস্থান করছে। দুই হলের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।

Social Icons