গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগে শিক্ষক সংকট নিরসনের দাবিতে উপাচার্যকে (ভিসি) অবরুদ্ধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন শুরু করেন তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আর্কিটেকচার বিভাগে ১৬ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩ জন। শিক্ষক সংকটের কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা একাডেমিক ক্ষতির পাশাপাশি সেশনজটের সমস্যায় পড়ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বারবার অবহিত করার পরও সমস্যার সমাধান না হওয়ায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিয়ে আর্কিটেকচার বিভাগের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসির কার্যালয়ে তালা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।
