ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অনুসন্ধানের তদারকি কর্মকর্তা হিসেবে দুদকের উপপরিচালক মো. আহসানুল কবির পলাশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৭ আগস্ট ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অভিযান চালায় দুদক।
দুদকের অভিযানে অভিযোগ ওঠে, দরপত্রের শর্ত অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশীয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করেছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযান পরিচালনাকারী দল ডিএনসিসির প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে।
দুদকের প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, ডিএনসিসির কেনা ওয়াকিটকির দাম অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েক গুণ বেশি।
এ বিষয়ে প্রকিউরমেন্ট সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। যাচাই শেষে দুদকের টিম কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়।
