GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / বিএনপি / ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লংমার্চ, রাষ্ট্রের বড় ক্ষতির আশঙ্কা রাশেদ খানের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লংমার্চ, রাষ্ট্রের বড় ক্ষতির আশঙ্কা রাশেদ খানের

জামায়াতের লংমার্চে কোটি কোটি টাকার লোকসান, যে অভিযোগ রাশেদ খানের

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান দাবি করেন, বিরোধী দলের নেতাদের মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছে। জামায়াত ঘোষিত লংমার্চে দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের তেমন আগ্রহ ও অংশগ্রহণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, লংমার্চে রাস্তার দুই পাশে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে বলে বিরোধী দলের নেতারা আশা করেছিলেন। এমনকি জামায়াতের আমিরের গাড়ি জনতার ভিড়ে চলতে পারবে না বলেও তারা ধারণা করেছিলেন বলে দাবি করেন রাশেদ খান।

তবে বিপুল দেশি-বিদেশি বিনিয়োগের পরও জামায়াত নেতৃত্বাধীন জোট সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াত ঘোষিত জোটে আগে ১১টি দল থাকলেও বর্তমানে ৯ দল রয়েছে, কারণ দুটি দল জোট ছেড়ে গেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে সাধারণ মানুষ যথেষ্ট জ্ঞান রাখে বলেও দাবি করেন রাশেদ খান। তার ভাষ্য, ছয় মাসের সরকারের ওপর ১৮-২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল।

তিনি আরও দাবি করেন, সরকার স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে বিরোধী দলের ছয় দফা দাবির প্রতি জনগণের আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি।

লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় জনভোগান্তি বাড়ছে এবং বিপুল পরিমাণ জ্বালানি অপচয় হচ্ছে বলে অভিযোগ করেন রাশেদ খান। তার দাবি, এতে প্রায় ১ লাখ লিটার তেল অপচয় হচ্ছে, যা জ্বালানি সংকট আরও বাড়িয়ে দিতে পারে।

রাশেদ খান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। জামায়াতের লংমার্চের কারণে এসব যানবাহন চলাচল বন্ধ থাকায় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে।

সবশেষে তিনি দাবি করেন, বিরোধী দলের এই লংমার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে। তার অভিযোগ, দলীয় স্বার্থ এবং মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে জামায়াত জনগণের ওপর ‘লংমার্চ’ নামের আন্দোলন চাপিয়ে দিয়েছে।

Social Icons