GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু কবে, জানালেন বিমানমন্ত্রী

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু কবে, জানালেন বিমানমন্ত্রী

আগামী বছর থেকে ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান বিমানমন্ত্রী। বৈঠকে দুই দেশের বিমান চলাচলে সহযোগিতা, উড়োজাহাজ ক্রয়, বিনিয়োগ ও পর্যটন নিয়ে আলোচনা হয়।

বিমানমন্ত্রী বলেন, দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির যাতায়াতের সুবিধা বিবেচনায় সরকার ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর পর্যন্ত সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা করছে।

তবে যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ‘ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট’ (আইএএসএ) ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করা জরুরি বলে জানান তিনি।

মন্ত্রী আরও জানান, ইতিমধ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সই হয়েছে।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বোয়িং বিমান ও যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা প্রযুক্তি বাংলাদেশের বিমান চলাচল খাতের সম্প্রসারণে অবদান রাখছে। এ খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের বিমান চলাচল খাতের সম্প্রসারণে বোয়িংয়ের উড়োজাহাজ ও যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা প্রযুক্তির অবদান নিয়েও আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন এবং এসব ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।

Social Icons