ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল টিম
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ উপস্থিত হয়। তবে তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাবি ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমানুল বলেন, তিনি কোয়ার্টারের দিকে ছিলেন। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে এসে ছবি ও ভিডিও নেন।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, জগন্নাথ হলের পাশের রোডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তথ্য যাচাই-বাছাই চলছে।
বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ
এদিকে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতারা।
তবে বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো ব্যক্তিকে শনাক্ত বা আটকের তথ্য পাওয়া যায়নি।








