শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।
এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগ ও সিদ্ধান্তের কথাও তিনি সবসময় মনে রাখবেন বলে উল্লেখ করেন।
চিঠিতে ট্রাম্প লেখেন, তিনি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর চিঠি পেয়েছেন এবং কেনার সিদ্ধান্তের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। একইসঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগ ও সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান তিনি।
সবশেষে ট্রাম্প বলেন, অদূর ভবিষ্যতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশায় রয়েছেন। বাংলাদেশের জনগণ অনেক কঠিন সময় পার করেছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এর জনগণের সামনে একটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

