GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / তিন বছরের চুক্তিতে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বেসরকারীকরণের উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে

তিন বছরের চুক্তিতে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বেসরকারীকরণের উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় বেসরকারি ব্যবস্থাপনায় হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয় থেকে প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

দরপত্রের প্যাকেজ-১-এর অধীনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ১ থেকে ১৬ নম্বর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের ৮ জোড়া ট্রেনের টিকিট বিক্রি ও ভাড়া আদায়ের দায়িত্ব পাবে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত ঠিকাদার নিজস্ব লোকবল দিয়ে রেলওয়ে নির্ধারিত ভাড়ায় টিকিট প্রিন্টিং, সরবরাহ ও বিক্রয় পরিচালনা করবেন এবং প্রতি কোচ ট্রিপের ভিত্তিতে রেলওয়েকে নির্ধারিত অর্থ পরিশোধ করবেন।

আগামী ৫ অক্টোবর পর্যন্ত দরপত্র দলিল সংগ্রহ করা যাবে এবং ৬ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে দরপত্র দাখিল করতে হবে।

দরপত্র জমা দেওয়ার নির্ধারিত শেষ দিন দুপুর ১২টা ১৫ মিনিট থেকে জমা পড়া দরপত্রগুলো খোলার প্রক্রিয়া শুরু হবে।

নতুন এই বাণিজ্যিক চুক্তিটি পরবর্তী তিন বছরের জন্য কার্যকর থাকবে বলে দরপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুন পর্যন্ত এই রুটে ১৬ জোড়া লোকাল ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চালিত হলেও পরবর্তীতে তা রেলওয়ের নিজস্ব নিয়ন্ত্রণে আসে।

দীর্ঘদিন পর পুনরায় এই ব্যস্ততম রুটের ট্রেনগুলোর পরিচালনা ও টিকিট বিক্রির দায়িত্ব বেসরকারি হাতে দেওয়ার প্রক্রিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ভ্যাট, টিআইএন এবং নির্ধারিত অর্থবছরের আয়কর পরিশোধের সনদসহ আবেদন জমা দিতে বলা হয়েছে।

Social Icons