GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার পথ নেই: শ্রীনগরে ভ্যানে করে সরঞ্জাম নিয়ে আগুন নিভালো ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার পথ নেই: শ্রীনগরে ভ্যানে করে সরঞ্জাম নিয়ে আগুন নিভালো ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার মতো উপযুক্ত রাস্তা না থাকায় চরম বিপাকে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা।

উপায় না দেখে শেষ পর্যন্ত প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি দাঁড় করিয়ে রেখে ভ্যানগাড়িতে করে সরঞ্জাম টেনে নিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার তন্তর ইউনিয়নের রুশদী গ্রামের বাসিন্দা সোহাগ আলী সরদারের কাঠ ও টিনের তৈরি বসতঘরে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

তবে গ্রাম্য সড়ক অত্যন্ত সরু ও ফায়ার সার্ভিসের ভারী গাড়ি চলাচলের অনুযোগী হওয়ায় মূল অকুস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরেই গাড়ি থামিয়ে দিতে হয়।

পরবর্তীতে সময় অপচয় না করে স্থানীয় ভ্যানগাড়িতে ওয়াটার পাম্প, পাইপসহ প্রয়োজনীয় সরঞ্জাম তুলে ফায়ার সার্ভিস সদস্যরা এলাকাবাসীর সহায়তায় দুর্ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন।

কর্মীদের নিবেদিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে, ফলে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সোহাগ আলীর বসতঘরের আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার সময় গ্যাসের চুলা থেকে অসাবধানতাবশত এই আগুনের সূত্রপাত হয়েছে।

তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও অগ্নিকাণ্ডের আসল কারণ নিশ্চিত করা যাবে বলেও জানান এই কর্মকর্তা।

Social Icons